বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হচ্ছে পিরোজপুরে

১১ জানুয়ারি, ২০২১ ১৮:৩০  
পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে নতুন একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে আইনের খসড়া অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর আইন, ২০২১’ এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘এটা (খসড়া আইন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে আসছে। এর আগে যেসব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, ঠিক ওই রকমই করা হয়েছে। এই আইনে ৫৫টি ধারা আছে।’ আইনের খসড়াটি মন্ত্রিসভার নীতিগত অনুমোদন পাওয়ায় এখন পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয়ে যাবে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এটি চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও মন্ত্রিসভায় তোলা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।